আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২০-২২ অক্টোবর পর্যন্ত চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির লেনদেন ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সিএসইর অফিস খোলা থাকবে এবং স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে।
সোমবার (১২ অক্টোবর) সিএসইর এএম (পিআরডি) তানিয়া বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূর্বঘোষিত ২০ ও ২১ অক্টোবরের ছুটির সঙ্গে সরকার আগামী ২২ অক্টোবরও সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০-২২ অক্টোবর পর্যন্ত সিএসইর লেনদেন ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।’
ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে আগের নিয়মে সিএসইর নিয়মিত লেনদেন ও অফিস কার্যক্রম চালু হবে।
এ ছাড়া সরকার ঘোষিত দুর্গাপূজার ছুটির আগে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব অফিস খোলা রাখার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই দিন সিএসইর অফিস কার্যক্রম ও লেনদেন স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।
কেকে/এমএ