গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা, জনসেবার মানোন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের সঙ্গে কমিউনিটি নেতাদের সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে ওয়েভ ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠান কাজ করছে।
সভায় বক্তব্য দেন কড়িহাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, প্রশাসক শফিকুল ইসলাম জেলা সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, উপজেলা সমন্বয়কার রুবিনা আক্তার, ইউপি সদস্য স্বদেশ, মাসুদ মিয়া, মো. ইব্রাহিম মিয়া ও খাদিজা আক্তার।
বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এ ব্যবস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে নিষ্পত্তিযোগ্য বিরোধের সহজ সমাধান সম্ভব হলে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি বিচারপ্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কেকে/এআই