আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বাটাজোর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকারের সভাপতিত্বে সভায় সর্বজনীন এই ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হালিম মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ মৃধা, সদস্যসচিব ও বাটাজোর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরদার ও আনোয়ারা বেগম।
এছাড়া পূজা উদযাপন ও স্থানীয় সমাজের প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখেন বীর বিক্রম সুধীর দাস, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস এবং পরিতোষ কুমার নন্দী।
সভায় বক্তারা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে প্রতিটি পূজামণ্ডপে নির্বিঘ্নে যেন দর্শনার্থীরা আসতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোর নেতাদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয় সভায়।
কেকে/এমএ