ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) অডিটোরিয়ামে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে জুমের মাধ্যমে যুক্ত হয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের প্রক্রিয়া, প্রস্তুতি ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে এ অবহিতকরণ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশব্যাপী এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
তাহিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালনার প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার তাহিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের জন্য উপজেলায় ৬৩ জন স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী, ৬ জন রিজার্ভ তথ্য সংগ্রহকারী, ৬ জন সুপারভাইজার ও ১ জন রিজার্ভ সুপারভাইজার নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া ১৫টি ট্যাবের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
প্রাথমিক পর্যায়ে তাহিরপুর ইউনিয়নে ৬ জন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৬ জন স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারীর দায়িত্ব পালন করবেন। উভয় ইউনিয়নে কার্যক্রম তদারকির জন্য ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তারা নির্ধারিত ট্যাবের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
শুমারি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কোনো অর্থ লেনদেন না করার এবং তথ্য সংগ্রহকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কেকে/এমএ