জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে জিহাদ হাসান জয় (২৩) নামে যুবক নিহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নিশ্চিন্তা যাওয়ার পথে রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জিহাদ হাসান জয় উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিশ্চিন্তার দিকে যাচ্ছিলেন জিহাদ। পথে রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠান। তবে বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হঠাৎ সড়ক দুর্ঘটনায় তরুণ ছেলেকে হারিয়ে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ওয়ার্ড সদস্য রুহুল আমিন বলেন, ‘হঠাৎ সড়ক দুর্ঘটনায় আমার এলাকার জাইদুলের ছেলে জিহাদ মারা গেছে। পরিবারটি খুবই গরিব। আল্লাহ এই পরিবারকে শোক সইবার ধৈর্য দান করুন।’
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।’
কেকে/এমএ