মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।
এর আগে, গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
এর আগে, গত ৪ অক্টোবর ইনুর সাজা বাড়ানোর জন্য চলতি সপ্তাহে আপিল করার কথা জানিয়েছিলেন প্রসিকিউটর তামিম।
গত ২৬ আগস্ট ২০২৪ রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, ইনুর বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
কেকে/ এমএস