এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিস্থিতিও অনুকূলে নয়। এমন বাস্তবতায় দেশের ভোক্তাদের জন্য জ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করা হলে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বারবার ধর্মঘটের ডাক দিয়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের আস্থার মর্যাদা রক্ষা করা এবং তাদের ভোগান্তি কমানো সরকারের দায়িত্ব। এ কারণে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রী আরও জানান, এলপিজি ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে চলতি মাসেই সংশ্লিষ্টদের সঙ্গে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।
কেকে/সাশ