বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও চলমান সংকট মোকাবিলায় সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। একই সঙ্গে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ সহযোগিতার বিষয়ে অগ্রগতি ও নিশ্চয়তা পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টসহ সবাই একমত হয়েছে যে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতি বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে।
তিতুমীর জানান, বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারণা। এ প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংকট মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে তারা।
সরকার আশা করছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতার বিষয়ে আরও স্পষ্ট অগ্রগতি ও নিশ্চয়তা পাওয়া যাবে। তবে সম্ভাব্য সহযোগিতার ধরন, পরিমাণ ও বাস্তবায়ন সম্পর্কে বৈঠক-পরবর্তী বক্তব্যে বিস্তারিত কিছু জানাননি অর্থনৈতিক উপদেষ্টা।
কেকে/ এমএস