হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নাম ও লোগো ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এসএম এমদাদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে হাবিপ্রবির নাম ও লোগো ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে। এ সব পেজ ও গ্রুপে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাবিপ্রবির অফিসিয়াল তথ্য প্রচারের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.hstu.ac.bd) এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেসবুক পেজ ‘Public Relation & Publication Section of HSTU’ (https://www.facebook.com/share/p/19pqhaS5iP/) ব্যবহার করা হয়। এ দুটি মাধ্যম ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারকারী অন্য কোনো ফেসবুক পেজ বা গ্রুপের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।
এ অবস্থায় অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপগুলোর অ্যাডমিন ও মডারেটরদের আগামী ২ নভেম্বরের মধ্যে তাদের নাম, মোবাইল নম্বর, স্টুডেন্ট আইডি কার্ডের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ প্রয়োজনীয় তথ্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট পেজ ও গ্রুপগুলোর অ্যাডমিন ও মডারেটরদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
কেকে/এআই