রংপুরের কাউনিয়া উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় তাহমিনা খাতুন (২৫) নামের এক বাক্প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেষা দর্গারপাড় এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত ১৫ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। এ ঘটনায় হারাগাছ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নিহতের স্বজনেরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে মহেষা দর্গারপাড় এলাকার জনৈক আতোয়ার রহমানের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে জানতে পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি তাহমিনা খাতুনের বলে শনাক্ত করেন।
নিহত তাহমিনা রংপুর মহানগরীর হারাগাছ পৌরসভার ফাতানটারী এলাকার বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে নিজবাড়ি থেকে নিখোঁজ হন তাহমিনা। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। তাকে না পেয়ে ১৬ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে, পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ অন্যান্য আইনগত কার্যক্রম চলমান আছে।
কেকে/এআই