গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় আফসানা আক্তার স্নিগ্ধা (২১) হত্যা মামলায় তার স্বামী মেহেদী হাসান মারুফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রোববার (১৮ অক্টোবর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম খোলা কাগজকে বলেন, ‘অভিযান চালিয়ে গতকাল তাকে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মারুফকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রোববার আসামি থানায় রয়েছে।’
মামলার এজাহার অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে মারুফ মাঝেমধ্যে স্নিগ্ধাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। গত ১৮ সেপ্টেম্বর রাত আটটার দিকে ছোট বোন সিনথিয়ার সঙ্গে মুঠোফোনে স্নিগ্ধার সর্বশেষ কথা হয়।
পরদিন ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে একই বাড়ির অপর এক ভাড়াটিয়া স্নিগ্ধার বাবাকে ফোন করে জানান, তার মেয়ে বাসার ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তোষকের ওপর স্নিগ্ধার মরদেহ দেখতে পান। এ সময় বাসায় মারুফকে পাওয়া যায়নি।
এ ঘটনায় স্নিগ্ধার বাবা আফসার মিয়া বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা করেন।
কেকে/এআই