ফরিদপুরের সালথা উপজেলার চণ্ডীবর্দী সাহাপাড়া সার্বজনীন মন্দিরে যাতায়াতের ভাঙ্গাচোরা রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করে দিলেন নবগঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম মাতুব্বর।
রোববার (১৮ অক্টোবর) মন্দিরে যাতায়াতের সুবিধার্থে তিনি এ সংস্কার কাজ করেন।
রাস্তা ভাঙ্গাচোরা থাকায় মন্দিরে আগত দর্শনার্থী, পূজারি ও স্থানীয় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছিল। এ সমস্যা বিবেচনায় নিয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চণ্ডীবদ্দী সাহাপাড়া সার্বজনীন মন্দিরের সভাপতি সুধীর কুমার সাহা, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি চান মিয়া মাতুব্বর, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান শরীফ প্রমুখ।
সংস্কারকাজের বিষয়ে মো. নুরুল ইসলাম মাতুব্বর বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের পূজামণ্ডপ পরিদর্শনে আগমন উপলক্ষে এবং এলাকার সাধারণ মানুষ যেন চণ্ডীবর্দী সার্বজনীন পূজামণ্ডপে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য আমি নিজ উদ্যোগে ভাঙাচোরা রাস্তাটি সংস্কার করেছি। আমি বল্লভদী ইউনিয়নবাসীর সেবা করতে চাই।’
স্থানীয়রা তার এ উদ্যোগকে স্বাগত জানান এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ ছাড়া বল্লভদি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে নুরুল ইসলাম মাতুব্বর।
কেকে/এআই