মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জায়ানের আট বছর বয়সী ভাই আয়ান, বাবা আব্দুল মুহিত দিপু এবং দাদি শামছুন নাহার (৭০)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গলের মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ১১-৮২৬৩। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চার যাত্রীই মারাত্মক আহত হন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী মো. আল-আমিন দুর্ঘটনার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে তিন বছর বয়সী জায়ানের অবস্থা ছিল আশঙ্কাজনক।
পরিবারের সূত্রে জানা যায়, জায়ানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকেসহ আহত চারজনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জায়ানকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জায়ানের দাদির দুই পা ভেঙে গেছে এবং আট বছর বয়সী আয়ানের এক পা ভেঙেছে। এ ছাড়া জায়ানের বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম খোলা কাগজকে বলেন, ‘দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
কেকে/এমএ