মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ২০ জন সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে। পদায়ন পাওয়া শিক্ষকদের আগামী ২৬ অক্টোবর সকালে নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর গত ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন এসব শিক্ষক। পরে জেলা শিক্ষক পদায়ন ও বদলি-সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান তাদের পদায়নের অফিস আদেশ জারি করেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, পদায়নপ্রাপ্ত শিক্ষকরা জেলা কার্যালয়ে যোগদানের তারিখ থেকে সরকারি বিধি অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে বেতন-ভাতাদি উত্তোলন করতে পারবেন। এ ছাড়া, শিক্ষকদের প্রাথমিক শিক্ষার ডিজিটাল ডেটাবেজ (আইপিইএমআইএস বা IPEMIS) হালনাগাদ করা এবং স্বাস্থ্য পরীক্ষার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পদায়ন আদেশ অনুযায়ী, শ্রীমঙ্গল উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জন সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ববান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বোচ্চ পাঁচজন, যতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন এবং বিদ্যাবিল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক পদায়ন পেয়েছেন। বাকি ১১টি বিদ্যালয়ে একজন করে শিক্ষক পদায়ন করা হয়েছে।
পদায়নপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন—জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৌরভ দাশ, যতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৌরভ দেব প্রান্ত, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তানিয়া সুলতানা, উদনাছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিমুল আচার্য্য এবং ববান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভ রায়।
এ ছাড়া ভীমশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কানিজ ফাতেমা মজুমদার, হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নুসরাত জাহান, ববান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইমদাদ উদ্দিন, যতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. ইমরান হোসাইন, দুর্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. সুমন মিয়া, খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেসমিন আক্তার এবং পুটিয়াছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিবু দেবনাথ পদায়ন পেয়েছেন।
অন্যদিকে, যতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চন্দন তাঁতী, বিদ্যাবিল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনি দেব, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাসলিমা আক্তার, খোয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীপংকর ভর, ববান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দেব সরকার, সাতগাঁও বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুস্মিতা দেবী, ববান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিশান চৌধুরী এবং বিদ্যাবিল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেজোয়ান আহমেদকে পদায়ন করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পদায়নপ্রাপ্ত শিক্ষকদের আগামী ২৬ অক্টোবর সকালে নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে। নতুন এসব শিক্ষক যোগদান করলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কেকে/সাশ