গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় ঝুটের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদাম ও ভেতরে থাকা ঝুট মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় টিনশেডের তৈরি ঝুটের গুদামটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আগুনে গুদাম ও ভেতরে থাকা ঝুট মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেকে/সাশ