শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মিরপুর-১০-এ ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী       ● এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ      ● সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে      ● কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া যাবে না : শফিকুর রহমান      ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২      ● জাপানের শ্রমবাজারে ঢাকা কেন পিছিয়ে      
খেলাধুলা
জয় থেকে ১০৬ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিরপুর টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আর মাত্র ১০৬ রান। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা বারবার বিঘ্নিত হওয়ার মধ্যে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৪ রান তুলেছে সফরকারীরা। হাতে রয়েছে ১০টি উইকেট।

ক্যারিবীয়দের হয়ে জন ক্যাম্পবেল ৩৫ বলে ২৭ এবং ব্রেন্ডন কিং ৫১ বলে ২৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তিন স্পিনার এখন পর্যন্ত তাদের থামাতে পারেননি। মেহেদী হাসান মিরাজের ওপর তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার। অন্যদিকে তাইজুল ইসলাম ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। আগের ইনিংসে চার উইকেট নেওয়া নাঈম হাসানও ব্রেকথ্রুর অপেক্ষায় রয়েছেন।

মিরপুর টেস্টে আলোকস্বল্পতা নিয়মিতই খেলার গতি থামিয়েছে। চতুর্থ দিনেও তার ব্যতিক্রম হয়নি। এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। শনিবার দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুক্রবার মাত্র ৫৩ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে আট নম্বরে নেমে সর্বোচ্চ ৫২ রান করেন নাঈম হাসান। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসের সংগ্রহ যোগ করে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক রোস্টন চেজ। তিনি পাঁচ উইকেট নেন, যা তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইফার। আগের ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জোমেল ওয়ারিকান এবার শিকার করেন চার উইকেট।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এখন পর্যন্ত কোনো উইকেট না হারানো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পথে রয়েছে। অন্যদিকে জয়ের আশা ধরে রাখতে হলে দ্রুত উইকেট তুলে নিতে হবে বাংলাদেশের স্পিনারদের।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জয়   ওয়েস্ট ইন্ডিজ   ক্রিকেট   বাংলাদেশ   মিরপুর   স্টেডিয়াম   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close