মাগুরায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পৃথক স্থানে দুই শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরীক্ষার ফল বিপর্যয়ের জেরে ঘটা এ পৃথক দুটি ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষার্থী বাপ্পি হোসাইন (১৮) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশিত হলে বাপ্পি অকৃতকার্য হয়েছেন বলে জানতে পারেন। এই ফলাফলের হতাশা সইতে না পেরে দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
অন্যদিকে, অপর নিহত শিক্ষার্থী অনন্যা শিকদার (১৭) মাগুরা সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদার ও অলোকা শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পেয়ে অনন্যা নিজ কক্ষে চলে যান। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার তীব্র হতাশা থেকেই এই দুই শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
কেকে/এআই