গার্মেন্টস শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
রোববার (১ নভেম্বর) এ-সংক্রান্ত গেজেট প্রকাশের মাধ্যমে বোর্ডের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। একই দিন থেকে বোর্ডের কার্যক্রম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে গেজেটটি প্রকাশ করা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০২৬ সালের সংশোধিত ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় দেওয়া ক্ষমতাবলে সদস্য নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। আইনের ১৩৯ ধারায় নির্ধারিত দায়িত্ব পালন করবে এই বোর্ড।
গেজেট অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ দায়িত্ব পেয়েছেন। বোর্ডে মালিকদের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
এর আগে সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রম আইন অনুযায়ী সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা শেষে গার্মেন্টস শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, মজুরি নির্ধারণের উদ্যোগের পর শ্রমিকরা রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেবেন।
কেকে/এআই