বিদায়ি অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা একক মাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৬৩৭ কোটি টাকা। আগের বছরের একই মাসের তুলনায় এ আয় বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে দেশে প্রবাসী আয় এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের অক্টোবরে আয় বেড়েছে ৩১ কোটি ডলার। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ১ শতাংশ।
শুধু অক্টোবরেই নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৪ কোটি ৯০ লাখ ডলার। এ হিসাবে চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩১ কোটি ৬০ লাখ ডলার, প্রবৃদ্ধি ১৩ শতাংশ।
প্রবাসী আয় বৃদ্ধির পেছনে ব্যাংকিং চ্যানেলে ডলারের বাজারভিত্তিক বিনিময় হার, প্রণোদনা এবং হুন্ডি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকগুলোর পদক্ষেপ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হওয়ার পাশাপাশি চলতি হিসাবের ঘাটতি কমাতেও সহায়তা করে।
রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেকে/এআই