মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
রাজধানী
ডিএনসিসির অঞ্চল-৫-এ পরিচ্ছন্নতা কমিটি, প্রতিবেদন দিতে হবে ৭ দিনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ২:৩৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ওয়ার্ডের সব সরকারি, বেসরকারি ও নিবন্ধিত প্রতিষ্ঠানকে আগামী সাত দিনের মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কার্যালয়ের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মো. আবদুল ওয়াদুদ। সভাপতিত্ব করেন ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

অঞ্চল-৫-এর আওতাধীন ২৬ থেকে ৩৪ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও নিয়মিত তদারকির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় মহাপরিচালক বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশন বা সরকারি সংস্থার নয়; এ কাজে নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট এলাকার সব সরকারি, বেসরকারি ও নিবন্ধিত প্রতিষ্ঠানকে সাত দিনের মধ্যে নিজেদের পরিচ্ছন্নতা কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট জোনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এ ছাড়া অঞ্চল-৫-এর কার্যক্রম সমন্বয়ে ১২ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গণপূর্ত অধিদপ্তর, রাজউক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ডিএমপি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ঢাকা ওয়াসা এবং ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের প্রতিনিধিরা রয়েছেন।

সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। বর্জ্য সংগ্রহ ও অপসারণ, ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন, জনস্বাস্থ্য সুরক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় স্কুল-কলেজ, মসজিদ, হাসপাতাল, এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার সংগঠনগুলোর মাধ্যমে নাগরিকদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম দীর্ঘমেয়াদি করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close