রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকদের কয়েকজন। আহত কনস্টেবল মো. সাইমন বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরের কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করছেন। এ সময় কয়েকজন হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তারা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তার ওপর হামলা চালানো হয়।
এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের সময় অন্তত চারজনকে আটক করে পুলিশ।
কেকে/ এমএস