তাহিরপুরের হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষা ও আসন্ন বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে শনি, মাটিয়ান, মহালিয়া ও গুরমার হাওরসহ বিভিন্ন হাওরের বাঁধ, ক্লোজার ও স্লুইসগেট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপা মনি দেবী।
মঙ্গলবার (৩ নভেম্বর) এসব এলাকা পরিদর্শন করে হাওরের পানি নেমে যাওয়ার কারণ ও পানি প্রবাহ নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি সদস্য সামায়ুন কবির, জুয়েল মিয়াসহ পানি উন্নয়ন বোর্ডের নেতৃবৃন্দ এবং কৃষক প্রতিনিধিরা।
জানা গেছে, হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় কৃষকদের বোরো ধানের চারা রোপণ ও আবাদ নিয়ে সম্ভাব্য সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সকল স্লুইস গেইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা।
এরই ধারাবাহিকতায় বাঁধের ক্লোজার দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন ইউএনও রিপা মনি দেবী।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপা মনি দেবী বলেন, হাওরের পানি নেমে যাওয়ার বিষয়টি কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরে প্রয়োজনীয় পানি ধরে রাখা জরুরি। এ জন্য বিভিন্ন হাওরের বাঁধ, ক্লোজার ও স্লুইসগেট সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। পানি প্রবাহিত হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, হাওরের কৃষকরা আমাদের এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি। বোরো আবাদকে কেন্দ্র করে হাজারো কৃষক পরিবারের জীবিকা নির্ভরশীল। হাওরের পানি কমে গেলে কৃষকদের চারা রোপণ ও পরবর্তী সময়ে সেচের ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে। তাই সময় থাকতে পানি প্রবাহ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষকদের স্বার্থে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল বলেন, হাওরের কৃষকদের সমস্যা আমাদের সবার সমস্যা। বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরে প্রয়োজনীয় পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
হাওরের কৃষি ও কৃষকের জীবন-জীবিকা রক্ষায় উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় কৃষকেরা। তাদের প্রত্যাশা, সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হলে হাওরে প্রয়োজনীয় পানি সংরক্ষণ এবং আসন্ন বোরো আবাদ নির্বিঘ্ন রাখা সম্ভব হবে।
কেকে/ এমএস