নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুরের পশ্চিম বাইশটেকিতে একটি পানির পাম্প উদ্বোধনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য।
তিনি বলেন, পানি জীবনের অপরিহার্য উপাদান। দৈনন্দিন জীবনযাপনে এর গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগটি সফল করার জন্য ধন্যবাদ জানান প্রশাসক।
এ সময় এলাকার পানির সংকট নিরসনে আরও একটি নতুন পানির পাম্প স্থাপনের দাবির বিষয়ে ইতিবাচক সম্মতি জানান তিনি। দ্রুত স্থান নির্বাচন করে সিটি করপোরেশনের অনুমোদন এবং ঢাকা ওয়াসার মাধ্যমে কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।
এ ছাড়া খালের মাধ্যমে পানি নিষ্কাশনের চলমান প্রকল্প বাস্তবায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে প্রশাসক গার্মেন্টস খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টার সমালোচনা করেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
শফিকুল ইসলাম খান বলেন, ‘আমি এই এলাকার সন্তান। নির্বাচনের ফল যাই হোক না কেন, সব সময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাব। এলাকার সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস