ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করতে বিভিন্ন সেবাদানকারী সংস্থার ইউটিলিটি লাইন স্থানান্তর ও নির্মাণকাজের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সেতু বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেবাদানকারী সংস্থার প্রতিনিধি, ইউটিলিটি অপসারণ ও প্রতিস্থাপনের কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (২৪ ইসিবি) প্রতিনিধি, প্রকল্প মনিটরিং টিমের আহ্বায়ক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) এবং প্রকল্প দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের কাজের গতি বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলামোটর থেকে কাঁটাবন পর্যন্ত ঢাকা ওয়াসার ৪০০ মিলিমিটার ব্যাসের ১ হাজার ২৪৫ মিটার পানির সঞ্চালন লাইন স্থানান্তরের কাজ দ্রুত বাস্তবায়নে ওয়াসাকে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে বাংলামোটর থেকে পলাশী পর্যন্ত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৩৩ কেভি ভূগর্ভস্থ এবং ১১ কেভি ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের কাজ সমন্বিতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই স্থানে বারবার রাস্তা খনন, সরকারি অর্থের অপচয় ও জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ পান্থকুঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উচ্চতা কমানো এবং সোনারগাঁও EN-2 র্যাম্প নির্মাণের জন্য বক্স কালভার্টের মুখ পুনঃস্থাপনে প্রয়োজনীয় নকশা দ্রুত সরবরাহ করতে ডিএসসিসিকে অনুরোধ করা হয়। নকশাগুলো প্রকল্প দপ্তর ও ২৪ ইসিবিকে দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া মালিবাগ রেলক্রসিং থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে রেললাইনের উত্তর পাশে অতীশ দীপংকর সড়কসংলগ্ন ফুটপাত বরাবর ৬৯০ মিটার ড্রেন নির্মাণের জন্য বাস্তবসম্মত সংশোধিত নকশা দ্রুত সরবরাহ করতে ডিএসসিসিকে অনুরোধ জানানো হয়।
নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিযোগাযোগ লাইন অপসারণের বিষয়ে যৌথ পরিদর্শনের মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত প্রাক্কলন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের জমিতে থাকা অননুমোদিত স্থাপনার কারণে প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। কমলাপুর আইসিডি-সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের জমিতে অবস্থিত অননুমোদিত ট্রাক স্ট্যান্ডের কারণে কমলাপুর আপ-র্যাম্পের নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে ট্রাক স্ট্যান্ডটি দ্রুত অপসারণে রেলওয়ে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে টিটিপাড়া থেকে কুতুবখালী পর্যন্ত সব ইউটিলিটি সংস্থার লাইন সরেজমিনে যাচাই করে প্রাক্কলন প্রস্তুতের সিদ্ধান্ত হয়।
সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর প্রত্যাশার অন্যতম মেগাপ্রকল্প। জনভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সব ধরনের প্রতিবন্ধকতা জরুরি ভিত্তিতে দূর করতে হবে।
তিনি সরকারি সম্পদের সঠিক ব্যবহার, জনভোগান্তি কমানো ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কেকে/ এমএস