দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৯২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা করা হয়েছে।
এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল।
নতুন দাম একনজরে (প্রতি ভরি)
- ২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
- ২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
কেকে/সাশ