রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনায় স্থানীয় বাসিন্দাদের সক্ষমতা বাড়াতে সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত কড়াইল বস্তির এরশাদ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। মহড়ায় আগুন নিয়ন্ত্রণ, বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
মহড়ার শুরুতে স্বাভাবিক পরিবেশের চিত্র তুলে ধরার পর কৃত্রিমভাবে অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি করা হয়। খবর পেয়ে তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পাশাপাশি আহত ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রদর্শন করা হয়।
জরুরি কার্যক্রম সমন্বয়ে ঘটনাস্থলে একটি কমান্ড পোস্ট স্থাপন করা হয়। সেখান থেকে পরিস্থিতি মূল্যায়ন, উদ্ধার তৎপরতা এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়ের বিষয়টি তুলে ধরা হয়।
মহড়ার বিশেষ অংশে স্থানীয় বাসিন্দাদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের নিয়ম, আগুন লাগলে প্রাথমিক করণীয় এবং এলপিজি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরলে তা নিয়ন্ত্রণের কৌশল শেখানো হয়। এ ছাড়া বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাস সিলিন্ডারের অসতর্ক ব্যবহার ও রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচি শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ১০২ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি নম্বরটি সংবলিত স্টিকার বিভিন্ন স্থাপনায় লাগানো ও স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়।
মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার মো. তানহারুল ইসলাম, ফয়সলুর রহমান ও মো. আব্দুল মান্নানসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, শীত ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ার বিষয়টি বিবেচনায় কড়াইল বস্তিতে এ ধরনের মহড়া বাসিন্দাদের সচেতনতা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
কেকে/সাশ