বরগুনার বামনায় বিষধর সাপের কামড়ে মো. রুবেল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের নিজের জমিতে ছাগলের জন্য ঘাস কাটতে যান রুবেল। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
পরে তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
রুবেলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় দক্ষিণ গুদিঘাটা গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। ফলে অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
কেকে/ এসএমএন