রাজশাহী মহানগরীতে অটোরিকশায় থাকা এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কর্ণহার থানার ঘোষপুকুর গ্রামের মো. আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) এবং সুন্দলপুর গ্রামের মো. হাসিবুর রহমান (২০)।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইসরাত জাহান (৩৫) স্বামীর সঙ্গে অটোরিকশায় করে মোহনপুরের ধুরইল গ্রামে যাচ্ছিলেন। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কের তকিপুর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিল।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে ভুক্তভোগী ও তার স্বামীর শনাক্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/ এসএসএন