পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিদ্রোহী অংশের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু বলেন, ‘ষড়যন্ত্র ও ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই।’
তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তার ভাষ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান উৎপাদন বৃদ্ধি, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে জাহাঙ্গীর আলম, সাহাবুদ্দীন সেন্টু, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, আব্দুর রাজ্জাক, আক্কাস, রবি, মুকুল, রাজেস, বাবলু, রিপন, নিফা ও শাওনসহ অনেকে উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন