গত ১৭ বছরে দেশের ইতিহাস বিকৃত এবং ৭ নভেম্বরের তাৎপর্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক ঘটনাগুলোর সঠিক তথ্য সংরক্ষণ করা জরুরি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হুমাম কাদের বলেন, ১৯৭৫ সালের বিপ্লব সেনাবাহিনীর নেতৃত্বে হলেও সাম্প্রতিক পরিবর্তন ঘটেছে ছাত্র-জনতার নেতৃত্বে। এসব ঘটনার ইতিহাসও যথাযথভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এতে প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন হুমাম কাদের। এ সময় তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কেকে/ এসএমএন