ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের কাছে এ আবেদন করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। এবার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথাও রয়টার্সকে জানিয়েছিলেন তিনি।
শেখ হাসিনার আইনজীবীরা লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠিটি পাঠান। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়। একই সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তির বাধ্যবাধকতা অনুসরণ করে আবেদন বিবেচনার কথা উল্লেখ করেন তার আইনজীবীরা।
এদিকে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার তারিখ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর জানানো হবে বলে সোমবার শেখ হাসিনার সহযোগীরা জানিয়েছেন। তবে এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটলে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ একসময় দেশের বৃহত্তম রাজনৈতিক দল ছিল। তাঁর ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে বা স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।
বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে সমর্থন রয়েছে। এমন পরিস্থিতিতে তার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার।
সূত্র: রয়টার্স
কেকে/সাশ