সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
অশান্ত নগরে আতঙ্কিত মানুষ
শিপার মাহমুদ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১১:৫৮ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীতে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে।

গত শুক্রবার (৬ নভেম্বর) রাত থেকে গতকাল রোববার (৮ নভেম্বর) পর্যন্ত এসব ঘটনা ঘটে। অনেকের ধারণা, ডিসেম্বরকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে।

সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বারিধারার জে-বøক এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সরেজমিনে সিআইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।

একই সময়ে রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারে অবস্থান নেয়। সেখান থেকে তারা থানার প্রাঙ্গণ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে বিস্ফোরিত ককটেলের অংশ পড়ে। এতে তিনি সামান্য আহত হন। ঘটনার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় ওই দুই দুর্বৃত্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। রাত ৯টা ৫ মিনিটের দিকে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে তারা এ বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।

একই রাতে শাহবাগ থানাধীন আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে তারা মোটরসাইকেলে করে মৎস্য ভবনের দিকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।

রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া মিরপুরের কালশী মোড়েও মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটানোর দৃশ্য দেখা যায়।

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ঘটনাগুলোর বিষয়ে ডিএমপির অবস্থান তুলে ধরে আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ও আতঙ্ক ছড়াতে এসব ঘটনা ঘটাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির অপারেশনাল কার্যক্রম জোরদার করার পাশাপাশি পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

ককটেল তৈরির উপাদান কোথায় প্রস্তুত করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, এর আগেও ককটেল তৈরির উপাদান ও বিস্ফোরকদ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার উদ্দেশ্যে পেট্রোল পাম্প বা অন্য কোনো স্থান থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে কারা নাশকতার উদ্দেশ্যে এসব দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তা শনাক্ত করতে ডিএমপির অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  ককটেল বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close