দেশে কোনো অপশক্তি বা অতীতে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের সেই অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, গুণী শিক্ষকদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী।
আব্দুল বারী বলেন, ‘সরকার একটি গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই সব বিষয় মোকাবিলা করা হচ্ছে। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার জুলুম-নির্যাতনের সরকার নয়। তাই কোনো অপশক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের সেই প্রচেষ্টা সফল হবে না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট শক্তির কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই। তারা সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশকে ধ্বংস করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ অতীতের মতো এখনো তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।’
আন্তর্জাতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মসূচি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেকে একজন সর্বগ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছ থেকে অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। উন্নত দেশগুলো বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।’
প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্নির্মাণ ও শক্তিশালী করার পাশাপাশি সৎ ও দক্ষ প্রশাসন গড়ে তোলা হচ্ছে। তাই জনগণের আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা এবং ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ভাতা কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি জয়পুরহাটের জন্য কয়েক হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আযিযুল হাকিম এবং সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ অন্যরা।
কেকে/ এসএমএন