পার্বত্য জেলা বান্দরবানে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের কল্যাণে নতুন একটি ট্যুরিস্ট জিপ চালু করা হয়েছে। এ গাড়ি থেকে অর্জিত অর্থ শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনায় সহায়তা এবং মৃত্যুর পর তাদের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে আধুনিক ও সুসজ্জিত ট্যুরিস্ট জিপটির উদ্বোধন করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জিপ পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল, কোষাধ্যক্ষ অমিত বড়ুয়াসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বাচ্চু জানান, বর্তমানে ইউনিয়নের কার্ডধারী ও কার্ডের বাইরে মিলিয়ে প্রায় ৬০০ জন চালক কাজ করছেন। দীর্ঘদিন ধরে এসব শ্রমিক পরিশ্রম করে এলেও অর্থের অভাবে ইউনিয়নের পক্ষ থেকে তাদের তেমন কোনো সহায়তা দেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘নতুন কেনা ট্যুরিস্ট জিপ থেকে গাড়ি সংস্কার ও রক্ষণাবেক্ষণের খরচ বাদ দিয়ে অবশিষ্ট পুরো অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। বিশেষ করে সদস্যদের চিকিৎসা, দুর্ঘটনায় আর্থিক সহায়তা এবং কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারের পাশে দাঁড়াতে এ অর্থ ব্যবহার করা হবে।’
গাড়িটির উদ্বোধনকালে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম বলেন, ‘বান্দরবানের প্রতিটি চালকই একেকজন দক্ষ গাইড। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এ জেলায় ভ্রমণে আসেন। তাদের সেবা দিতে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের চালকেরা নিরলস পরিশ্রম করেন।
তিনি আরও বলেন, ‘নতুন পর্যটকবাহী গাড়ি থেকে অর্জিত অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। সমাজের প্রতিটি সমিতি এভাবে সদস্যদের কল্যাণে এগিয়ে এলে সবাই উপকৃত হবে এবং দেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।’
কেকে/ এসএমএন