দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
গত বুধবার (১৮ নভেম্বর) ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। তবে আম্পায়ারদের সঙ্গে কথা বলার সময় হৃদয়ের আচরণ আক্রমণাত্মক ও অশোভন ছিল বলে আইসিসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় হৃদয়ের বিরুদ্ধে। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশের বিষয়টি এই ধারার আওতাভুক্ত।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফের পাশাপাশি তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা তার বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন হৃদয়। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত ২৪ মাসের মধ্যে এটিই হৃদয়ের প্রথম অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। অন্যদিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক থেকে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
কেকে/সাশ