শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      
ইচ্ছেডানা
গর্ত ও ডানার ইতিহাস
সাবিত রিজওয়ান
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুকুরে খাবার কমে এসেছে। শ্যাওলা শুকিয়ে তলার কাদায় মিশে গেছে। ছোট ছোট পুঁটি আর খলসেরা সারাদিন এদিক-ওদিক ঘুরেও দু-একটা পোকা ছাড়া তেমন কিছু পায় না। তার ওপর গরম বাড়ছে, কমছে পানিও। মাছগুলো বুঝতে পারছে, এভাবে আর বেশিদিন চলা যাবে না।

এমন সময় পুকুরের গভীরের এক গর্ত থেকে নতুন কথা ছড়াতে শুরু করল।

গর্তটায় থাকত এক মোটা বাইম মাছ। অন্য মাছেরা খাবারের খোঁজে সারা পুকুর ঘুরে বেড়ালও সে বেশির ভাগ সময় গর্তের মুখে বসে থাকত।

একদিন কয়েকটা খলসে খাবার নিয়ে ঝগড়া করছিল। বাইম মুখ বাড়িয়ে বলল, “একটুখানি শ্যাওলার জন্য এত মারামারি! তোরা কখনো বড় কিছু ভাবতে শিখবি না?”

একটি রোগা পুঁটি বলল, “বড় কিছু মানে?”

বাইম গম্ভীর মুখে বলল, “তোরা সারাজীবন এই ঘোলা পানিতে সাঁতার কাটবি, পেট ভরার জন্য খাবার খুঁজবি, তারপর একদিন মরে যাবি। তোদের কি এর চেয়ে ভালো কিছু পাওয়ার ইচ্ছা নেই?”

“কিন্তু আমরা তো মাছ, হুজুর,” পুঁটিটি বলল।

“কে বলেছে তোরা শুধু মাছ?” বাইম গর্জে উঠল। “তোদের ভেতরে ডানা আছে। একদিন তোরা এই পুকুর ছেড়ে নীল আকাশে উড়বি।”

মাছগুলো পরস্পরের দিকে তাকাল। কথাটা অসম্ভব মনে হলেও তাদের অনেকেই আকাশের দিকে তাকিয়ে কখনো না কখনো ভেবেছে, পানির বাইরের জগৎটা কেমন। পুকুরের খাবার যখন কমছে, তখন অন্য কোথাও যাওয়ার স্বপ্ন তাদের কাছে মন্দ লাগল না।

বাইম বলল, “তবে ডানা গজাতে হলে প্রস্তুতি চাই। সারাদিন সাঁতার কেটে শক্তি নষ্ট করা চলবে না। তোরা যা খাবার পাবি, আমার গর্তে জমা করবি। আমি তোদের ডানা গজানোর বিশেষ প্রলেপ তৈরি করে দেব।”

প্রথমে কয়েকটি পুঁটি রাজি হলো না। নিজেরাই খাবার পায় না, তার ওপর আবার অন্যের জন্য জমা দিতে হবে!

কিন্তু পরদিন দেখা গেল, দুটি খলসে পাখনায় কাদা মেখে গর্তের সামনে বসে আছে। তাদের পাখনার গোড়ায় আঠালো কাদা জমে শক্ত হয়ে আসছে।

একটি খলসে গর্ব করে বলল, “দেখেছিস? টান ধরেছে। হুজুর বলেছেন, ডানা গজানোর আগে এমনই হবে।”

অন্য মাছেরা কাছে এসে তাদের পাখনা দেখল। কেউ কেউ সন্দেহ করল, কিন্তু তাদের মনে অন্য ভয়ও ছিল। যদি সত্যিই এই দুটো খলসের ডানা গজায়? যদি একদিন সবাই উড়ে চলে যায়, আর তারা এই পচা পুকুরে পড়ে থাকে?

সেই ভয়েই তারাও খাবার জমা দিতে শুরু করল।

বাইম প্রতিদিন খাবার গিলত আর কাদা মেখে দিত মাছেদের গায়ে। সে নিজেকে প্রতারক ভাবত না। তার বিশ্বাস ছিল, ছোট মাছগুলোকে বড় স্বপ্ন না দেখালে তারা সারাজীবন সামান্য খাবার নিয়ে ঝগড়া করবে। তাদের কাছ থেকে খাবার নেওয়াটা তাই তার চোখে অন্যায় ছিল না। সে তো তাদের ভবিষ্যৎ তৈরি করছে!

দিন যেতে লাগল। বাইমের শরীর আরও মোটা হলো। গর্তের ভেতর তার নড়াচড়া কমে এল। কিন্তু সে মাছেদের বলল, “আমার বিশ্রাম দরকার। তোদের ডানা তৈরির কাজও তো সহজ নয়!”

এদিকে মাছেদের অবস্থা খারাপ হতে লাগল। কাদা পাখনার গোড়ায় জমে তাদের সাঁতার কাটতে বাধা দিচ্ছিল। কেউ বেশি নড়তে গেলেই পাখনায় টান পড়ত। তারা কষ্ট পেত, কিন্তু সেই কষ্টের কথা মুখ ফুটে বলত না। অন্যেরা শুনলে যদি বলে, তারা ডানা গজানোর পরীক্ষায় টিকতে পারেনি?

বরং কারও পাখনায় কাদা বেশি শক্ত হয়ে গেলে সবাই তাকে বাহবা দিত।

“ওর ডানা তো প্রায় তৈরি!”

পুকুরের পানি তত দিনে আরও কমেছে। রোদে তলার কাদা গরম হয়ে উঠছে। পানিতে অক্সিজেনও কমে আসছে। মাছগুলো হাঁপাচ্ছে, কিন্তু বাইমের কথা মনে করে অপেক্ষা করছে।

এক সকালে একটি পুঁটি পাশের খলসেকে বলল, “ভাই, আমার আর নড়তে ইচ্ছা করছে না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডানা কবে ফুটবে?”

খলসে বলল, “হুজুরকে জিজ্ঞেস কর।”

কয়েকটি মাছ কোনোমতে বাইমের গর্তের কাছে গেল।

“হুজুর, পানি কমে যাচ্ছে। আমরা উড়ব কখন?”

বাইমের নিজেরও কষ্ট হচ্ছিল। তার মোটা শরীর গর্তের মুখে আটকে গেছে। একটু পেছাতে গেলেও পারছে না। তবু সে গলা চড়িয়ে বলল, “এত অধৈর্য হলে চলবে? তোরা কি ভাবিস, ডানা গজানো ছেলেখেলা? পানি পুরো শুকিয়ে গেলেই তোদের উড়াল শুরু হবে। আর কটা দিন ধৈর্য ধর!”

কয়েকটি মাছ আশ্বস্ত হয়ে ফিরে গেল। তারা ভাবল, এত দিন যখন অপেক্ষা করেছে, আর কটা দিনই বা কী!

কিন্তু দুটি খলসে আর অপেক্ষা করতে পারল না। তারা পাখনা থেকে কাদা ঝেড়ে ফেলার চেষ্টা করল। কাদা শুকিয়ে শক্ত হয়ে পাখনার সঙ্গে আটকে গেছে। প্রাণপণে সাঁতার কাটতে গিয়েও তারা পারল না। কিছুক্ষণ ছটফট করে দুটোই কাদাতেই উল্টে পড়ল।

পরদিন দুপুরে পুকুরে পানি বলতে কয়েক ইঞ্চি থকথকে কাদা। ঠিক তখন আকাশ থেকে একটি সাদা বক নেমে এলো।
বকটি খাবারের খোঁজে এসেছিল। কাদায় পড়ে থাকা পুঁটিগুলোকে সে একে একে ঠোকর দিয়ে গিলে ফেলতে লাগল। মাছগুলো পালাতে পারল না।

এরপর বকের চোখ পড়ল গর্তের মুখে। বিশাল বাইমটি আটকে আছে সেখানে। সে শরীর দোলাচ্ছে, কিন্তু বেরোতে পারছে না।
বকটি কাছে গিয়ে তার মাথায় ঠোকর মারল। বাইম ছটফট করল, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারল না। বক আবার ঠোকর মারল, তারপর তাকে তুলে নিল।

পুকুরের শেষ কয়েকটি মাছ তখনো কাদায় পড়ে ছিল। তাদের মধ্যে একটি পুঁটি আকাশের দিকে তাকাল। আকাশটা সত্যিই অনেক নীল।

তার মনে হলো, এই নীল আকাশে উড়তে পারলে মন্দ হতো না। কিন্তু পুকুরের পানিটুকু থাকলেও তো আজ বেঁচে থাকা যেত। 


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close