কার্তিক অগ্রহায়ণের হেমন্ত ঋতুর শেষে। সবুজ বাংলার পল্লি গাঁয়ের মাঠে মাঠে। আমনের সোনামুখী ধান পেকে যেনো উঠেছে হেসে। গাঁও গ্রামের মাঠজুড়ে ধান কাটার পড়েছে হিড়িক। পল্লি গাঁয়ের প্রতিটা কৃষক কয়েক মাস সারাদিন বৃষ্টির কাদাজলে ভেজে। হাড়ভাঙ্গা পরিশ্রম বহু স্বপ্ন অনেক প্রত্যাশা আর যত্নের আর দেহের ঘাম ঝরানো ফসল এটি।
এই হেমন্ত ঋতুর....
কার্তিক অগ্রহায়ণের সোনালি আমন ধান,
তাই যেন বাংলার পল্লি গাঁয়ের প্রতিটা কৃষক আর কৃষাণীর প্রাণ।
তেমনি একজন কৃষক অথৈ এর বাবা তৈয়ব আলী। যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালী গ্রামের বাসিন্দা সে। মাঠে তার পাকা আমন ধান। কিন্তু আজ তিনদিন ধরে নিরে- ধারা বিরামহীন বৃষ্টি। আকাশে মেঘ জমে পুরো নিম্ন চাপ দেখা দিয়েছে।
এই কয়দিনে সূর্যের কোন দেখা নেই। তৈয়ব আলীর ধান খেতের জমিটা একটু নিচু। বেশ পানি জমে গেছে। অনেক জায়গায় ধান গাছ পড়েও গেছে। আর তাই তৈয়ব আলীর দুশ্চিন্তার যেন কোন শেষ নেই। ঘরের বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছে সে। স্ত্রী তাহেরা বিষয়টা বুঝতে পেরে এগিয়ে এসে বলল: অতো দুশ্চিন্তা করো না অথৈ-র বাবা। আল্লাহ নিশ্চয়ই বান্দার অমঙ্গল চান না। দেখো, দুই একদিনের মধ্যে নিশ্চয়ই আবহাওয়া ঠিক হয়ে যাবে। তৈয়ব আলী বললো: আল্লার উপর সে ভরসা আমার আছে অথৈ-র মা। ভাবছি শীতের প্রারম্ভে সচরাচর বর্ষাকালের মতো এমন নিরে- ধারা অবিরাম বর্ষা দেখা যায় না।
তাহেরা বললো: হুম, ঠিক বলেছ অথৈ- র বাবা। আসলে এখন আর আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলেও। যেন ছয় ঋতু এখন দুই ঋতুতে পরিণত হয়েছে। শীত ঋতু আর বর্ষা ঋতু। তা- না হলে এমন সময়, এরকম বৃষ্টি দেখা যায়!
তৈয়ব আলী বললো: তা অবশ্য তুমি ঠিকই বলেছ তাহেরা। কিন্তু ভাবছি ধান নষ্ট হলে আমরা খাব কি,?
তাহেরা বললো: হুম সেটাই তো। আর তাছাড়া চালের গুঁড়া না বানাতে পারলে এ বছর শীতের খেজুরের রস গুড়ের পিঠা খাওয়াও হবে না। নবান্ন উৎসব ও করা হবে না।
ছোট্ট অথৈ পাশে বসে এতক্ষণ ওর মা- বাবার কথা শুনছিল। এর আগেও তৈয়ব আলীর ছেলে অথৈ তার মায়ের কাছে শুনেছে। হেমন্তের আমন ধানের সুগন্ধি চালের গুঁড়ার পিঠা তৈরি করে বাঙালি বধূরা নবান্ন উৎসব করে। এ পিঠা খেতে নাকি ভীষণ মজা। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট্ট অথৈ তার মা তাহেরা বানুর কাছে জানতে চাইল মা, নবান্ন উৎসব কী?
তাহেরা, ছেলে অথৈ কে বললো: হেমন্ত ঋতুর কার্তিক অগ্রহায়ণের আমন ধানের সুগন্ধে ভরা ম-ম ঘ্রাণের চালের গুঁড়া দিয়ে বাংলার গাঁয়ের শহরের মেয়ে- বউরা যে নানান রকমের পিঠা বানিয়ে নিজেরা খায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধবীদেরও খেতে দেয়। এভাবে সব আনন্দের সাথে পিঠা বানিয়ে পিঠার উৎসব পালন করে তাকে নবান্ন উৎসব বলে।
এ পিঠা শহরে অনেক চড়া দামে বিক্রিও হয়। শহরের মানুষেরা টাকা দিয়ে এ পিঠা কিনে খায়।
ছোট্ট অথৈ বললো: নবান্ন উৎসবে কী কী পিঠে তৈরি করে মা? সেসব পিঠের নাম কী? তাহেরা বললো: কত রকমের পিঠা তৈরি করে।
যেমন, ভাঁপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই। খোলাজালি পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, চুষি সেমাই পিঠা।
পোয়া- তেলের পিঠা, পাকন পিঠা। নকশি পিঠা, ঝাল চাপটি পিঠা, জড়ি পিঠা, রসের পায়েস। আরও কতো
রকমের পিঠা তৈরি করে।
অথৈ বললো: মা চিতই পিঠা কিভাবে তৈরি করে?
তাহেরা বললো: চালের গুঁড়া দিয়ে নারকেল কুরা মিশ্রিত মাটির ছাঁচে তৈরি করা খোলার পিঠাকে চিতই পিঠা বলে বাবা।
অথৈ বললো: মা, চিতই পিঠা কী দিয়ে খেতে হয়?
মা তাহেরা বললো: এটা শীতের রসের ঝোলা গুড় কিম্বা সরষে বাটা অথবা শুঁটকি ভর্তা দিয়ে খেতে খুব মজা। শুনে এবার অথৈ বায়না ধরলো মা,আমি চিতই পিঠা খাব। আমাকে চিতই পিঠা বানিয়ে দাও।
তাহেরা বললো: এখন তো চালের গুঁড়া নেই অথৈ। কি দিয়ে চিতই পিঠা বানাবো? অথৈ বললো: না..না...আমি চিতই পিঠা খাব। তৈয়ব আলী বললো: বাবা অথৈ, এখন তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল পড়া বন্ধ হউক। তখন আমাদের ধান কেটে আনবো। ধান ঝাড়া হলেই চাল বানিয়ে আনব। নতুন সেই চাল দিয়ে তোমার মা ঢেঁকিতে গুঁড়ো কুটব। সেই গুঁড়ো দিয়ে তখন তোমার মা তোমাকে চিতই পিঠা বানিয়ে দেবে ঠিক আছে। তখন তুমি মজা করে চিতই পিঠা খেতে পারবে। এখন কান্না বন্ধ করো বাবা অথৈ। অথৈ তখন বাবার কথা শুনে কান্না থামাল।
এরপর দুই একদিনের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেল। ঝলমল করে সূর্যের আলো ফুটলো। তৈয়ব আলী জলের ওপর থেকে ধান কেটে আঁটি বেঁধে বাড়িতে আনলো। তা- দেখে অথৈ- র যেন আর খুশি ধরে না। আনন্দ করছে আর বলছে কী মজা! আমি চিতই পিঠা খাবো। একসময় তৈয়ব আলী আর তার স্ত্রী তাহেরা ধান ঝেড়ে রৌদ্রে শুকাতে দিল। ধান শুকানোর পর তৈয়ব আলী ধান গাঁয়ের রাইস মিলে নিয়ে চাল বানিয়ে আনলো। পরের দিন অথৈ- র মা তাহেরা তাদের আঙ্গিনার এককোণে পাতা ঢেঁকিতে গুঁড়া কুটছে।
ছোট্ট অথৈ খুশিতে পাশে নাচানাচি আর সেকি আনন্দ উল্লাস করছে। আজ রান্না ঘরে উনুনে চিতই পিঠা বানাতে বসেছে অথৈ-র মা তাহেরা। পিঠা বানিয়ে বানিয়ে তাহেরা খোলা থেকে তুলে পাত্রে দিচ্ছে।
আর অথৈ, সে তার বাবা তৈয়ব আলীর পাশে বসে মহা আনন্দ করে নতুন খেজুর রসের ঝোলা গুড় দিয়ে মজা করে সেই চিতই পিঠা খাচ্ছে।