একসময় এক বুড়ি মা-শূকর ছিলেন, তার তিনটি ছোট্ট শূকরছানা ছিল, কিন্তু তাদের খাওয়ানোর মতো যথেষ্ট খাবার তার কাছে ছিল না। তাই ছানাগুলো যখন একটু বড় হলো, তিনি তাদের নিজের ভাগ্য গড়ার জন্য দুনিয়ায় পাঠিয়ে দিলেন।
প্রথম ছোট্ট শূকরছানাটা ছিল খুব অলস। সে একদম কাজ করতে চাইত না, তাই খড় দিয়ে নিজের ঘর বানাল। দ্বিতীয় ছোট্ট শূকরছানাটা প্রথমটার চেয়ে একটু বেশি কাজ করলেও সেও কিছুটা অলস ছিল, আর সে কাঠি দিয়ে নিজের ঘর বানাল। এরপর দিনের বাকিটা সময় তারা দুজনে গান গেয়ে, নেচে আর খেলে কাটিয়ে দিল। তৃতীয় ছোট্ট শূকরছানাটা সারাদিন কঠোর পরিশ্রম করে ইট দিয়ে নিজের ঘর বানাল। ঘরটি ছিল বেশ মজবুত— তাতে সুন্দর একটি ফায়ারপ্লেস আর চিমনিও ছিল। দেখে মনে হতো, প্রবল ঝড়-বাতাসও এটিকে টলাতে পারবে না।
পরের দিন একটি নেকড়ে যে গলি দিয়ে তিনটি ছোট্ট শূকরছানা থাকত, সেদিকে যাচ্ছিল। সে খড়ের ঘরটি দেখল এবং ভেতরের শূকরছানার গন্ধ পেল। তার মনে হলো শূকরছানাটাকে খেলে বেশ চমৎকার খাবার হবে, আর এ কথা ভেবেই তার জিভে জল চলে এল।
তাই সে দরজায় টোকা দিয়ে বলল :
‘ছোট্ট শূকরছানা! ছোট্ট শূকরছানা!
আমাকে ভেতরে আসতে দাও! আমাকে আসতে দাও!’
কিন্তু ছোট্ট শূকরছানাটা চাবি রাখার ফুটো দিয়ে নেকড়ের বড় বড় থাবা দেখতে পেল, তাই সে উত্তর দিল :
‘না! না! না!
আমার থুতনির একগাছি লোমও নড়বে না!’
তখন নেকড়ে দাঁত বের করে বলল :
‘তবে আমি ফুঁ দেব
আর জোরে ফুঁ দেব
ঘরটি তোমার উড়িয়ে দেব।’
এই বলে সে ফুঁ দিল আর জোরে ফুঁ দিল, আর ঘরটা উড়িয়ে দিল! নেকড়ে মুখটা হাঁ করে যতটা সম্ভব জোরে কামড় বসাতে চাইল, কিন্তু প্রথম ছোট্ট শূকরছানাটা পালিয়ে বাঁচল এবং দ্বিতীয় শূকরছানাটার কাছে গিয়ে লুকাল।
নেকড়ে গলি ধরে এগিয়ে গেল এবং কাঠি দিয়ে বানানো দ্বিতীয় ঘরটির পাশ দিয়ে যাচ্ছিল। সে ঘরটা দেখল, ভেতরের শূকরছানা দুটোর গন্ধ পেল, আর তাদের দিয়ে চমৎকার রাতের খাবার খাওয়ার কথা ভেবেই তার জিভে জল চলে এলো।
তাই সে দরজায় টোকা দিয়ে বলল :
‘ছোট্ট শূকরছানারা, ছোট্ট শূকরছানারা
আমাকে ভেতরে আসতে দাও! আমাকে আসতে দাও!’
কিন্তু ছোট্ট শূকরছানা দুটো চাবি রাখার ফুটো দিয়ে নেকড়ের সূচালো কান দেখতে পেল, তাই তারা উত্তর দিল :
‘না! না! না!
আমাদের থুতনির একগাছি লোমও নড়বে না!’
তখন নেকড়ে দাঁত বের করে বলল :
‘তবে আমি ফুঁ দেব
আর জোরে ফুঁ দেব
আর তোমাদের ঘর উড়িয়ে দেব!’
এই বলে সে ফুঁ দিল আর জোরে ফুঁ দিল, আর ঘরটা উড়িয়ে দিল! নেকড়ে ছিল ভীষণ লোভী; সে একসাথে দুটো শূকরছানাকেই ধরতে চাইল, কিন্তু অতিরিক্ত লোভের কারণে একটাকেও ধরতে পারল না! তার বড় চোয়াল গিয়ে পড়ল শূন্যে, আর ছোট্ট শূকরছানা দুটো তাদের ছোট্ট খুর দিয়ে যতটা দ্রুত সম্ভব দৌড়ে পালাল।
নেকড়ে তাদের তাড়া করে গলি ধরে ছুটল এবং প্রায় ধরেই ফেলেছিল। কিন্তু তারা ইটের ঘরে পৌঁছে গেল এবং নেকড়ে ধরার আগেই সশব্দে দরজা বন্ধ করে দিল। তিনটি ছোট্ট শূকরছানাই খুব ভয় পেয়ে গিয়েছিল— তারা জানত নেকড়ে তাদের খেতে চায়। আর সেটাই ছিল একদম সত্যি। নেকড়ে সারাদিন কিছুই খায়নি, তার ওপর শূকরছানাগুলোর পেছনে ছুটতে গিয়ে তার দারুণ খিদে পেয়ে গিয়েছিল। এখন সে ভেতরে থাকা তিনজনেরই গন্ধ পাচ্ছিল এবং বুঝতে পারছিল যে তিনটি ছোট্ট শূকরছানা দিয়ে জমজমাট ভোজ হবে।
তাই নেকড়ে দরজায় টোকা দিয়ে বলল :
‘ছোট্ট শূকরছানাগুলো! ছোট্ট শূকরছানাগুলো!
আমাকে ভেতরে আসতে দাও! আমাকে আসতে দাও!’
কিন্তু ছোট্ট শূকরছানাগুলো চাবি রাখার ফুটো দিয়ে নেকড়ের সরু চোখ দেখতে পেল, তাই তারা উত্তর দিল :
‘না! না! না!
আমাদের থুতনির একগাছি লোমও নড়বে না!’
তখন নেকড়ে দাঁত বের করে বলল :
‘তবে আমি ফুঁ দেব
আর জোরে ফুঁ দেব
আর তোমাদের ঘর উড়িয়ে দেব।’
ব্যস! সে ফুঁ দিল আর ফুঁ দিল। ফুঁ দিল আর ফুঁ দিল। ফুঁ, ফুঁ আর জোরে ফুঁ, জোরে ফুঁ দিল; কিন্তু সে ঘরটাকে কিছুতেই উড়িয়ে দিতে পারল না। শেষমেশ তার এমন দম ফুরিয়ে গেল যে সে আর ফুঁ দিতেই পারল না। তাই সে একটু জিরিয়ে নিতে থামল এবং কিছুক্ষণ ভাবল।
কিন্তু এটা নেকড়ের কাছে সহ্যের সীমা ছাড়িয়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে নেচে উঠল এবং প্রতিজ্ঞা করল যে চিমনি বেয়ে নিচে নেমে রাতের খাবারে ছোট্ট শূকরছানাটাকে খেয়েই ছাড়বে। কিন্তু সে যখন ছাদে চড়ছিল, তখন ছোট্ট শূকরছানাটা দাউদাউ করে আগুন জ্বালাল এবং একটি বড় হাঁড়িতে জল ভরতি করে ফুটতে দিল।
তারপর নেকড়ে যখন ঠিক চিমনি বেয়ে নিচে নামছিল, তখন ছোট্ট শূকরছানাটা ঢাকনা সরিয়ে দিল—আর ‘ধপাস’ করে নেকড়ে গিয়ে পড়ল ফুটন্ত জলের মধ্যে।
তারপর ছোট্ট শূকরছানাটা আবার ঢাকনা দিয়ে দিল, নেকড়েটাকে সেদ্ধ করে ফেলল, আর তিনটি ছোট্ট শূকরছানা রাতের খাবারে তাকে খেয়ে নিল।