বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরিতে কত?      যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাত অবসানের আশা      বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাজিতপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৪৩ পিএম আপডেট: ১৮.০৬.২০২৬ ২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (১৭ জুন) বিকাল উপজেলার হালিমপুর ইউনিয়নের হালিমপুর বাজারসংলগ্ন রেললাইনের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, হালিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রনি ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা যায়, গত ১৪ জুন সকাল আনুমানিক ৮টার দিকে হালিমপুর ইউনিয়নের শেখদী গ্রামের পাঁচ বছর বয়সী কন্যাশিশুকে একই গ্রামের মৃত আবু বকরের ছেলে আলী আহমদ (৪৫) একটি মুরগির খামারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে আলী আহমদকে একমাত্র আসামি করে বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে শিশুটির মা অনুফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার অবুঝ মেয়ের ওপর যে নির্যাতনের চেষ্টা করা হয়েছে, তার বিচার চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা হোক, যাতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”

স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

স্থানীয় গৃহবধূ ফাতেমা বেগম বলেন, “শিশুটির সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও হৃদয়বিদারক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। অপরাধীর দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের অপরাধের কঠোর বিচার না হলে ভবিষ্যতে আরও শিশু ঝুঁকির মুখে পড়তে পারে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

হালিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া বলেন, শুধু এ এলাকায় নয়, সারা দেশেই ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার প্রয়োজন। আমাদের সবারই মা-বোন ও সন্তান রয়েছে। তাই এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সন্তানরা ঘর থেকে বের হওয়ার পর তাদের নিরাপত্তা নিয়ে প্রতিটি পরিবার উদ্বিগ্ন থাকে। সমাজের সবাইকে সচেতন হতে হবে এবং ধর্ষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি যারা অপরাধীকে পালাতে সহায়তা করেছে বা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অপরাধীকে সহযোগিতা করাও একটি গুরুতর অপরাধ। তাই মূল অপরাধীর পাশাপাশি সহযোগীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’”

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close