বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৮ জুলাই ২০২৬
শিরোনাম: রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত বেড়ে ৮      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু      ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার      শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী      পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় ৯ জুলাই      জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনে কাজে লাগাতে চায় ইসি      পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক      
দেশজুড়ে
শ্রীপুরে দুই দিনে শতাধিক পোশাকশ্রমিক অসুস্থ, কারণ এখনো অজানা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় রহস্যজনকভাবে দুই দিনে শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। মঙ্গলবার অন্তত ৭০ জন শ্রমিক অসুস্থ হওয়ার পর বুধবার সকালেও একই ধরনের উপসর্গ নিয়ে আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন, স্বাস্থ্য বিভাগ কিংবা সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থা।

ঘটনাকে ঘিরে আলোচনায় এসেছে কারখানা কর্তৃপক্ষের একটি দাবি। কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) সঞ্জীব বলেন, শ্রমিকদের ওপর ‘জ্বিনের আছর’ থাকতে পারে বলে তাদের ধারণা। এ কারণে কারখানায় কয়েকটি মসজিদের ইমামকে এনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাবিষয়ক প্রমাণ উপস্থাপন করা হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের প্রায় সবাই একই ধরনের উপসর্গের কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, হঠাৎ বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা, বমি বমি ভাব এবং কিছু ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। অসুস্থদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল ১০টা পর্যন্ত অন্তত ৩৫ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার সুইং অপারেটর মো. হাবিব বলেন, ‘আজও ৩০ থেকে ৪০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়েছেন। তাদের বুকে ব্যথা, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা দিয়েছে।’

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে কারখানার পঞ্চম তলার সুইং বিভাগের এক নারী শ্রমিক প্রথম অসুস্থ হয়ে পড়েন। পরে একই ধরনের উপসর্গ নিয়ে একে একে আরও শ্রমিক আক্রান্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন উৎপাদন বন্ধ রেখে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের ভাষ্য, গত ২৪ জুন একই কারখানার শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর পর থেকেই কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শ্রমিকরা বিক্ষোভও করেছিলেন। তাদের অভিযোগ, সেই ঘটনার রহস্য উদ্ঘাটনের আগেই আবার টানা দুই দিনের গণঅসুস্থতার ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

শ্রমিক আশিক নুর বলেন, ‘আমরা কুসংস্কারের ব্যাখ্যা চাই না। আমরা জানতে চাই কেন বারবার শ্রমিক অসুস্থ হচ্ছেন। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে শ্রমিকরা অসুস্থ হচ্ছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে জনস্বাস্থ্য ও শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনার ক্ষেত্রে অনুমাননির্ভর ব্যাখ্যার পরিবর্তে কর্মপরিবেশ, বায়ুর মান, রাসায়নিক পদার্থের সংস্পর্শ, খাদ্য ও পানির গুণগত মান এবং মানসিক চাপসহ সব সম্ভাব্য কারণ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা প্রয়োজন। প্রকৃত কারণ শনাক্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাবে।

একজন শ্রমিকের মৃত্যুর পরপরই একই কারখানায় দুই দিনে শতাধিক শ্রমিকের রহস্যজনক অসুস্থতার ঘটনায় স্থানীয়ভাবে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শ্রমিকদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close