বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৮ জুলাই ২০২৬
শিরোনাম: রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত বেড়ে ৮      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু      ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার      শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী      পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় ৯ জুলাই      জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনে কাজে লাগাতে চায় ইসি      পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক      
দেশজুড়ে
দুর্যোগের আগেই প্রস্তুতি, তিস্তার তীরে মহড়া
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নদ-নদী বেষ্টিত জনপদ। বর্ষা এলেই নদীর পানি বাড়তে শুরু করে, আর সেই সঙ্গে বাড়ে নদীপাড়ের মানুষের উদ্বেগ। কখন ঘরবাড়ি তলিয়ে যাবে, কখন ভেসে যাবে ফসল, কখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হবে পরিবার নিয়ে, সেই অনিশ্চয়তা নিয়েই তাদের প্রতিটি বর্ষা। তাই দুর্যোগ আসার আগেই প্রস্তুত থাকার বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বন্যা মোকাবিলার বাস্তবধর্মী মহড়া।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বালুরচর-ছাটগ্রাম এলাকায় তিস্তা নদীর তীরে দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়।

চন্ডিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেড জুরিখ ফাউন্ডেশনের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত ‘জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্সের সহযোগিতা ছিল।

এই মহড়ায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী এবং শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি দেখে মনে হচ্ছিল যেন এক বাস্তব বন্যা পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে। কিছু জায়গায় উদ্ধারকারীরা ভেলায় করে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন, কিছু জায়গায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিছু জায়গায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে সরিয়ে নেওয়ার কৌশল অনুশীলন করা হচ্ছে।

এছাড়াও, বন্যার আগাম সতর্কতা প্রচার, দ্রুত নিরাপদ আশ্রয়ে গমন, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংরক্ষণ, গবাদি পশুকে নিরাপদ স্থানে সরানো, দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন বাস্তব কৌশল প্রদর্শন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো মহড়াটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইফফাত জাহান তুলি।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব আলী, উপজেলা মহিলা কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, ইউপি সদস্য রঞ্জু মিয়া, পিপল ডেভেলপমেন্ট সেন্টার জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের প্রধান সমন্বয়কারী জয়া প্রসাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তরাঞ্চলে বন্যা ও অনিশ্চয়তার ঝুঁকি ক্রমশ বাড়ছে। তাই দুর্যোগ মোকাবেলায় আমাদের শুধু ত্রাণের ওপর নির্ভর করলে চলবে না, বরং আগাম প্রস্তুতি, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগকে জোরদার করতে হবে। দুর্যোগের সময় সচেতনতা ও প্রস্তুতি আতঙ্ক নয়, বরং জনগণের সবচেয়ে বড় শক্তি।

তারা আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ যত বাড়বে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

আয়োজকরা বলেন, ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে এ ধরনের ব্যবহারিক অনুশীলন ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে দুর্যোগের সময় প্রত্যেক ব্যক্তি নিজের পাশাপাশি অন্যের জীবন-সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close