মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার আসামীদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার (৯ জুলাই) লালমনিরহাট আদালতের চত্ত্বরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, ‘সীমান্তবর্তি জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে। সমাজ বিনির্মানে দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ নামে সামাজিক আন্দোলন ঘোষণা করেছেন। সেই আন্দোলনে ইতোমধ্যে মন্ত্রী নিজে ও তার কমিটির সদস্যরা বেশ কিছু মাদকসেবককে আটক করে থানায় সোপর্দ করেছেন।’
‘সেই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতদের পক্ষে কোন ধরনের আইনি সহায়তা করা হবে না। এ ঘোষণা কেউ অমান্য করলে সমিতির নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থাসহ তাকেও মাদকসেবক হিসেবে গণ্য করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি বা আওয়ামী পন্থী বলে কথা নেই আইনজীবী সমিতিতে। এ সমিতির সকল সদস্যই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা মেনে চলবেন। সুতরাং, এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতরা আইনজীবীদের মাধ্যমে কোন ধরনের আইনি সহায়তা পাবেন না। সমিতির চাইলে এ সময় বাড়ানো হতে পারে।’
এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আইনজীবীরা সহায়তা না করলে আসামিদের জামিনে কিছুটা ভাটা পড়বে এবং তারা হাজতবাস করলে অপরাধ বোধ থেকে মাদককে না বলবে। মূলত সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। গ্রেপ্তারকৃত আসাসিরা চাইলে আইনজীবী ছাড়া নিজেরা আইনি লড়াই করতে পারবেন। সে ক্ষেত্রে সমিতি হস্তক্ষেপ করবে না।’
কেকে/এমএ