ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হট্টগোল করেছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) নেতারা।
রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা চলাকালে এ ঘটনা ঘটে।
ইবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।
অনুষ্ঠানের একপর্যায়ে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শের নেতৃত্বে বৈষম্যবিরোধীদের একটি গ্রুপ অনুষ্ঠানস্থলে আসে। এ সময় মাহমুদা আলম মিতু বক্তব্য দিচ্ছিলেন।
এ সময় বৈবিছাআর যুগ্ম সদস্য সচিব বাঁধন উত্তেজিত কণ্ঠে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে ইঙ্গিত করে ‘ছাত্র বিষয়ক সম্পাদক, আপনার সাথে কথা আছে’ বলেন। এছাড়া এই ক্যাম্পাসে বহিরাগত ঢুকেছে উল্লেখ করে তারা কেন ঢুকবে, কেন সামনের সারিতে বসবে - সেসম্পর্কে জবাব চাইতে থাকেন। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন ‘২৫ সালে তারাই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জুলাই পদযাত্রা আয়োজন করেছিলেন, তাদের কথা শুনতে হবে’ বলে দাবি জানান। এ সময় আলী আহসান জুনায়েদ তাদের নিবৃত্ত করতে সভাস্থল ছেড়ে যান।
হট্টগোলের সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘আমরা বাধন নামের এই ছেলেটাকে নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড করতে দেখেছি। চেয়ার চুরি করা, কয়েকজন শিক্ষার্থীকে হুমকি দেওয়া, দোকানী খালার টাকা নিয়া ফেরত না দেওয়া- এমন নানা অপরাধে সে জড়িত। আজকেও হয়তো কোন একটি মহলের ইন্ধনে ছাত্রশক্তির অনুষ্ঠানকে বিতর্কিত করতে এই কাজ করতে পারে।’
এ বিষয়ে ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘অনুষ্ঠানে সামান্য একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। যারা এমনটা করেছে, তারাও সবাই জুলাই আন্দোলনের যোদ্ধা। কমিটি গঠন নিয়ে ক্ষুব্ধতার জায়গা থেকেই এমন হয়েছে। আমরা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
তবে হট্টগোলের ব্যাপারে নিজ কমিটির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও এনসিপির সদস্য এসএম সুইট।
কেকে/এমএ