দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক-পরমব্রত চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এ নতুন চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের সামনে আসবেন তারা। এমনটাই শোনা যাচ্ছে।
যকের ধন, হাইওয়ে, হেমলক সোসাইটি সিরিজের মতো জনপ্রিয় এবং ব্যবসা সফল চলচ্চিত্রে পরমব্রত ও কোয়েল জুটির রসায়ন দর্শকদের দারুণভাবে আপ্লুত করেছিল। এ ছাড়াও পরমব্রতের পরিচালনায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কোয়েল।
সম্প্রতি কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ ছবিটি সফলতা পেয়েছে। পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। এ দুই তারকার নতুন সফর নিয়ে ইতিমধ্যেই টলিউডপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরমব্রতের পরিচালনায় হইচই স্টুডিওজের নতুন সিনেমার নাম হতে পারে ‘বীর পুরুষ’। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাও সামলাবেন পরমব্রত।
তবে এ ছবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পরমব্রত বা কোয়েল। গুরুত্বপূর্ণ চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো শিল্পীরা থাকতে পারেন বলে জানা গেছে।
কেকে/এআই