মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজুকে অব্যাহতি, বিভিন্ন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:১৪ এএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১০:১৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। পাশাপাশি ঢাকায় রোডমার্চ, সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

তবে অব্যাহতির আগে তাকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল কি না—এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি তার জানা নেই।

অন্যদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “স্থানীয় এমপির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত রেজুলেশন ও আবেদনের ভিত্তিতে দলীয় শৃঙ্খলার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।”

অব্যাহতি পাওয়া নেতা তাজ উদ্দিন তাজু বলেন, “কোন কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা আমি জানি না। অব্যাহতির আগে আমাকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এমনকি অব্যাহতির কোনো আনুষ্ঠানিক চিঠিও আমি পাইনি।”

দলীয় ফোরামে কোনো নিয়ম অনুসরণ না করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে তিনি জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে সোমবার (১৭ আগস্ট) বিকেলে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ সমাবেশে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ এবং শ্রমিক দল নেতা সোহেল আহমদসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে পাশে থাকা ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি কুচক্রী মহল পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে একতরফা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। তারা কোনো ধরনের নিয়মনীতি বা কাউন্সিল ছাড়া নেওয়া সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহাল করার দাবি জানান।

সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, রাজধানী ঢাকায় রোডমার্চ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বিএনপি নেতা   অব্যাহতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close