ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজারে চোলাই মদ বিক্রি করতে এসে কার্তিক মনি ঋষি (৩৮) নামের ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের পাটবাজার এলাকায় এ অভিযানে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত কার্তিক মনি ঋষি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর গ্রামের ঝোপালের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে আসা কার্তিক মনি ঋষিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা ৩ বোতল মদ ধ্বংস করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
ইউএনও সানজিদা রহমান বলেন, ‘মাদকদ্রব্যের বিস্তাররোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রি, সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
কেকে/এআই