শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযয়ের (বেরোবি) বাসে লাইভ লোকেশন ট্র্যাকিং সুবিধা চালু হয়েছে। এর ফলে এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই বাসের বর্তমান অবস্থান ও রুট জানতে পারবেন শিক্ষার্থীরা।
জানা যায়, এ সুবিধা ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রথমে মোবাইলে ALO App ডাউনলোড করতে হবে। এরপর Student User অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। শিক্ষার্থীদের লগইনের জন্য ইমেইল: [email protected] এবং পাসওয়ার্ড: VTS@2026 ব্যবহার করতে হবে। এ অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে কোনো ওটিপি ভেরিফিকেশনের প্রয়োজন হবে না।
অ্যাপে সফলভাবে লগইন করার পর Vehicle Tracking অপশনে গেলেই চলাচলরত বাসগুলোর লাইভ লোকেশন ও নির্ধারিত রুট দেখা যাবে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বাস ট্র্যাকিং সুবিধা চালু হওয়া নিঃসন্দেহে একটি শিক্ষার্থীবান্ধব, সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।’
এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে বাসের বর্তমান অবস্থান জানতে পারবে, ফলে অপেক্ষার সময় ও অনিশ্চয়তা অনেকটাই কমবে।বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রযুক্তির এমন কার্যকর ব্যবহার আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, ‘এ সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে পারবে, ফলে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে দূরবর্তী স্থান থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।’
পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ‘শিক্ষার্থীদের একটা দাবি ছিল অনেক দিনের। আমি পরিবহন দপ্তরের দায়িত্ব নেয়ার পর থেকেই শিক্ষার্থীরা আমাকে অনেকবার বলেছে, যদি গাড়ির লাইভ ট্রাকিংয়ের ব্যবস্থা করা যেত। তাহলে আমাদের জন্য উপকার হত। গাড়িটি কোন জায়গায় অবস্থান করছে আমরা জানতে পারতাম। তখন থেকেই আমি দাবিটি নোট আকারে প্রশাসনের অনুমোদনের জন্য পাঠিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘সেটাই বিভিন্ন যাচাই-বাছাই সাপেক্ষে কিছুদিন আগে কাজের অর্ডার হয়ে ডিভাইসগুলো গ্রামীন ফোন থেকে নিয়েছে। শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা আইডি রয়েছে। সে আইডি দিয়ে তারা তাদের লোকেশন দেখতে পারবে। পরিবহন দপ্তর পুরোটা কন্ট্রোলের মধ্যে রাখবে। অনেকদিন পরে হলেও শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়াটা যে পূরণ হলো। এটা আমাদের দপ্তরের পক্ষ থেকে ভালো লাগার বিষয়।’
কেকে/এআই