ঢাকা দক্ষিণ সিটির গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীটি।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া।
তিনি বলেন, ‘জাসদের নেতাদের কাছ থেকে কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। এর মধ্যে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাচাই-বাছাই শেষে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।’
পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে সাকিবুল আলম বলেন, ‘তাদেরও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ওখান থেকে তাদের সেভ করেছি নিরাপদে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা হেফাজতে নিতে পেরেছিলাম।’
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
আপনাদের কাছ থেকে তাদের এই প্রোগ্রামের কোনো অনুমতি নিয়ে ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সাকিবুল আলম বলেন, ‘তারা আমাদের কাছে আবেদন করেছিল। কিন্তু তাদেরকে ওখানে মিটিং করার জন্য অনুমতি দেওয়া হয়নি।’
একটি পক্ষ ওই জাসদ কার্যালয় দখলের চেষ্টা করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওই কার্যালয়ের দখলের কোনো সুযোগ নেই। কার্যালয়টি এখন আমাদের হেফাজতে রয়েছে।’
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর জাসদের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগের গোপন মিটিং চলছে বলে ঘেরাও করে রেখে পুলিশকে খবর দেয় যুবদলের নেতাকর্মীরা। পরে অভিযান চালায় পল্টন থানা পুলিশ। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে আটক করে থানায় নেওয়া হয়। একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতর থেকে লোকজনকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছিল, জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
কেকে/এমএ