মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘হাসিনা যে অন্যায় করেছে, হাসিনা যে গণহত্যা করেছে, হাসিনা যেভাবে নির্যাতন করেছে—হাসিনাকে সরকার নয়, আদালত ফাঁসি দিয়েছে।’
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে সখীপুর ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ অনুষ্ঠিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আসুক, তারপরে আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক—বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করবে।’
তিনি আরও বলেন, ‘আজকের বিরোধী দল যারা আছেন, কিছু ছেলেপেলে আছে যারা রাজনীতি শিখে নাই, তারা অশ্রাব্য গালিগালাজ করে। রাজনীতির শিষ্টাচার জানেন না।’
জামায়াতে ইসলামী প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, ‘তাদেরকে বারবার বলেছি, সংসদের ভেতরে স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে। আর কোনো ধরনের জ্বালাও-পোড়াও নয়, কোনো ধরনের হুমকি-ধমকি নয়, রাজপথ রঞ্জিত করা নয়। আসুন, দেশটাকে পুনর্গঠন করি। গণতন্ত্রকে শক্তিশালী করি।’
তিনি বলেন, ‘আপনারা বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। এখন যদি দায়িত্বহীন আচরণ করেন, কথায় কথায় আন্দোলন করেন, জনগণ কিন্তু বিএনপির সঙ্গে আছে। যদি বেশি লাফালাফি করেন, নির্বাচনে যে কয় আসন পেয়েছেন, ভবিষ্যতে জনগণ আপনাদেরকে ভোট নাও দিতে পারে।’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা প্রমুখ।
কেকে/এআই