সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● নানা বিতর্কে আস্থা হারাচ্ছে বিএনপি      ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      
খোলাকাগজ স্পেশাল
তুচ্ছ ঘটনায় খুনখারাবি, বাড়ছে নিরাপত্তাহীনতা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দেশে তুচ্ছ ঘটনায় বিরোধ, সংঘর্ষ ও খুনখারাবি বেড়ে চলছে। এতে নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। গত শনিবার নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেকজন। 

অন্যদিকে একই দিন রাজশাহীতে ২০০ টাকার ভাঙতি নিয়ে তর্কাতর্কির জেরে একজনকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে। এদিকে গতকাল রোববার জমিসংক্রান্ত বিরোধে সিলেটের বিশ্বনাথে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। 

বিশ্লেষকরা বলছেন, মানুষের মধ্যে দিন দিন অসহিষ্ণুতা বাড়ছে। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নাগরিকদের মধ্যে আস্থাহীতনার সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে তুচ্ছ ঘটনায় মানুষ সহিংস হয়ে উঠেছে। এটা রাষ্ট্রীয় ও সামাজিক সংকটের কারণ হচ্ছে। বাড়ছে প্রাণহানীর মতো ঘটনা। ব্যাহত হচ্ছে জননিরাপত্তা। তারা আরও বলছেন, এ ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতির বিকল্প নেই। এ ছাড়া সুশাসনের মধ্যে দিয়ে মানুষের আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। 

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি ও ধস্তাধস্তির এক পর্যায়ে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে হাসিব মোল্লাও (২২) নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় মানসুর মোল্লা (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনরা জানিয়েছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্লার সঙ্গে হাসিবের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এর জেরে গত শনিবার রাতে স্থানীয় একটি দোকানে হাসিবকে দেখতে পেয়ে ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর দোকানের শাটার আটকে দেন। পরে তিনি হাসিবের কাছে ইউপি সদস্যকে অপদস্থ করার কারণ জানতে চান।

এ সময় মানসুর ও হাসিবের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হাসিব ছুরি দিয়ে নূর ইসলামকে আঘাত করেন। পরে মানসুরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলেই মানসুরের মৃত্যু হয়। পরে আহত নূর ইসলাম স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

২০০ টাকার ভাঙতি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা : 

রাজশাহীতে ভাঙতি টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে মুদিদোকানে হামলা চালিয়ে বারিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে শহরের ডিঙাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। 

বারিউলের পরিবারের অভিযোগ, টাকা ভাঙতি করাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বারিউল ও তার ছেলে তানভির হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিরা দলবল নিয়ে এসে তাদের দোকানে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে বারিউলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

বারিউলের ছেলে তানভির হোসেন বলেন, গতকাল রাতে তিন ব্যক্তি তাদের দোকানে ২০০ টাকার নোট ভাঙাতে আসেন। পুরো টাকা ভাঙতি দিতে না পারায় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার বাবার সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের সরিয়ে দেন। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিরা আরও লোকজন নিয়ে ফিরে আসেন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল রামদা ও চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামবাসী : 

সিলেটের বিশ্বনাথে জমিসংক্রান্ত বিরোধের জেরে মাইকিং করে দফায় দফায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ভুরকি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষ মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খুনখারাবি   নিরাপত্তাহীনতা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close